ঢাকা বিভাগ

ল্যান্ডফিলের বর্জ্য থেকে শিগগিরই বিদ্যুৎ উৎপাদন: ডিএনসিসি প্রশাসক

ল্যান্ডফিলে জমে থাকা বর্জ্য থেকে দ্রুত বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন-এর প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন।

মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে সাভারের বলিয়ারপুর এলাকায় অবস্থিত আমিনবাজার ল্যান্ডফিল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

প্রশাসক বলেন, পরিবেশ অধিদপ্তরের চূড়ান্ত ছাড়পত্র পেলেই আমিনবাজার ল্যান্ডফিলে জমে থাকা বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু করা হবে। এতে একদিকে যেমন বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে, অন্যদিকে দীর্ঘদিনের দুর্গন্ধ ও পরিবেশদূষণ অনেকাংশে কমে আসবে।

তিনি আরও বলেন, সরকার জনস্বার্থবিরোধী কোনো কাজ করবে না। দীর্ঘদিন ধরে এখানে ময়লার স্তুপ জমে থাকায় আশপাশের বাসিন্দারা ভোগান্তিতে রয়েছেন। প্রয়োজনীয় অনুমোদন পেলে প্রকল্পটি আরও আগেই বাস্তবায়ন করা যেত। তবে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় কিছুটা বিলম্ব হয়েছে। দ্রুতই কাজ শুরু হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এক প্রশ্নের জবাবে প্রশাসক জানান, সিটি কর্পোরেশনের বর্জ্যের পাশাপাশি সাভার এলাকার বর্জ্যও এখানে ডাম্পিং করা যায় কি না—সে বিষয়েও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হবে।

পরিদর্শনকালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *